প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:১২ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাসেবা নিতে আসা রোগীকে প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে নেওয়ার চেষ্টার অভিযোগে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে ডিএমএ পশ্চিম জোনের শেরেবাংলানগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা এক রোগীকে লক্ষ্য করে মোঃ রিয়াজ হোসেন (৩৫) নামের এক ব্যক্তি বিভিন্ন ধরনের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে চিকিৎসাসেবা গ্রহণের জন্য নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে রোগী বিষয়টি বুঝতে পেরে কোনো প্রলোভনে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ পিসি মোঃ আমিনুল হকের নেতৃত্বে চার সদস্যের আনসার টিম দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বিভিন্ন সময় রোগী ও স্বজনদের সহজে চিকিৎসাসেবা এবং কম খরচে পরীক্ষা-নিরীক্ষার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে নেওয়ার চেষ্টা করতেন বলেও জানান।
পরবর্তীতে আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করে।
অভিযানে দায়িত্ব পালন করেন পিসি মোঃ আমিনুল হক, এপিসি জহিরুল ইসলাম, আনসার মোঃ হাবিবুর রহমান ও মোঃ আমিনুল ইসলাম। দালালচক্রের বিরুদ্ধে দ্রুত ও সাহসিকতার সঙ্গে তৎপরতা চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বরত আনসার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
দালালদের কোনোভাবেই ছাড় নয়। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে প্রতারণা, হয়রানি কিংবা অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।
হাসপাতাল প্রাঙ্গণে কোনো ব্যক্তি রোগী বা স্বজনকে প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কিংবা চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার নামে সন্দেহজনক প্রস্তাব দিলে সতর্ক থাকার জন্য সেবা প্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত আনসার সদস্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।
মন্তব্য করুন