প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৩ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকার মিরপুর-১০, সেনপাড়া ও তেজগাঁও এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এক বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটায় ডিএনসিসি প্রশাসকের (উত্তর) নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট শুরু হয়।
অভিযানটি মিরপুর-১০ থেকে শুরু হয়ে ওসামানি হল ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত হয়। সড়ক ও ফুটপাতের উভয় পাশের অবৈধ দোকান, হকার ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সাথে অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করে মালামাল জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) পরিচালক মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদিসহ ৩১ জন সদস্য মোতায়েন ছিলেন। তাদের সক্রিয় তৎপরতার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপুর দুইটায় শান্তিপূর্ণভাবে অভিযানটি সম্পন্ন হয়। ডিএমপির ১৮ জন পুলিশ সদস্যও অভিযানে অংশ নিয়েছেন।
দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। নির্বিঘ্নে চলাচলের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন, সিটি কর্পোরেশন ও পুলিশের এই সময়োপযোগী ও সাহসী অভিযানের ভূয়সী প্রশংসা করেন।
মন্তব্য করুন