প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৮ এ এম
অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি : নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে দেশের স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম. আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, যুগ্ম আহ্বায়ক মান্নান দেওয়ানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন এম. আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম সিকদার বলেন, সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিথ্যাচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর রাজনৈতিক পরিবর্তন হলেও দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে রয়েছে। এম. আনোয়ার হোসেন বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জনগণকে সঙ্গে নিয়ে দলটি কাজ করছে। কোনো ধরনের নাশকতা বা জনজীবনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন