প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০২ এ এম

অনলাইন সংস্করণ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে নতুন দায়িত্বে জাইমা

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কাজ করছেন। তাঁদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। খলিলুর রহমান ২ জুন ২০২৬ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং অধিবেশনটি ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে।
জাইমা রহমান ছাড়াও বাংলাদেশিদের মধ্যে রয়েছেন আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা।
আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পেশায় দীর্ঘদিন কাজ করা আলিম বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনেও দায়িত্ব পালন করেছেন।

মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করবেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত কার্যালয়ের সদস্যদের তালিকায় জাইমা রহমানকে বাংলাদেশি ‘লিগ্যাল অফিসার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি ব্যারিস্টার এবং যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিবিষয়ক পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্ট তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে।
খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২ জুন ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার নিয়মিত কর্মী পদ নয়। সভাপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের সহায়তা ও অর্থায়নের ব্যবস্থা থাকে। খলিলুর রহমানের ৮১তম অধিবেশনের কার্যালয়ের কার্যক্রমেও সদস্যদেশগুলোর স্বেচ্ছা অনুদানের মাধ্যমে একটি ট্রাস্ট ফান্ড রয়েছে।

মন্তব্য করুন