প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:১৭ পিএম

অনলাইন সংস্করণ

হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, তিনজনকে আটক করল আনসার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে টহলরত আনসার সদস্যরা। পরে আটক তিনজনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল মহানগর-২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভীর রাতে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিল তিন ব্যক্তি। এ সময় এলাকায় টহলরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কামরুল (২১), পিতা: জাকির; মো. আসিক (১৮), পিতা: মনির এবং মো. শামীম (১৯), পিতা: মনিরুল ইসলাম। তারা সবাই রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকার বাসিন্দা।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি শেখ রাসেল, আনসার মো. মিজানুর রহমান ও আনসার মো. মাইমুন ইসলাম। পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও সতর্কতামূলক দায়িত্ব পালন করে আসছেন। তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে অপরাধ প্রতিরোধে তাদের ভূমিকা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মন্তব্য করুন