প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:০৯ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকার পল্লবীতে ভোররাতে অগ্নিকাণ্ড: আনসারদের দায়িত্বশীল ভূমিকায় এড়ালো বড় বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক : ভোররাত তখন আনুমানিক দেড়টা। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই রাজধানীর পল্লবী থানার দুয়ারীপাড়া ওয়াসা আবাসিক এলাকার পাঁচতলা ‘চামেলী ভবন’-এর নিচতলার একটি কক্ষে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুনের লেলিহান শিখা পাশের আরেকটি কক্ষে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই বিপদের খবর পেয়ে দুয়ারীপাড়া ওয়াসা আনসার গার্ডের আনসার সদস্যরা ফায়ার সার্ভিস আসার আগেই দ্রুত ছুটে আসেন। এপিসি মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কাজ শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান। এ সময় আনসার সদস্য মোঃ আল-আমিন ও রাজু মণ্ডল নিজেদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

আনসার সদস্যদের ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় ভোররাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র পুড়লেও আনসারদের সময়োচিত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভবনটি এক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।

মন্তব্য করুন