প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

ভুয়া প্রশিক্ষণ প্রকল্পের নামে অর্থ আদায়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালকের (প্রশিক্ষণ ও উন্নয়ন) নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া প্রকল্পের আড়ালে প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় সরকারি দফতর, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিসিসি।

মঙ্গলবার (২১ জুলাই) এক সতর্কবার্তায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জানায়, সম্প্রতি ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবনযাত্রার আধুনিকীকরণ’ শীর্ষক একটি কথিত প্রকল্পের নামে প্রশিক্ষণ-সংক্রান্ত ভুয়া চিঠি, নোটিশ ও অন্যান্য জাল কাগজপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

এসব নথিতে বিসিসির পরিচালকের (প্রশিক্ষণ ও উন্নয়ন) নাম ব্যবহার করে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে। বিসিসি জানিয়েছে, তাদের পরিচালিত সব প্রশিক্ষণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন নির্ধারিত ও অনুমোদিত প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। কোনো প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে বিসিসি কোনো ধরনের ফি বা চার্জ গ্রহণ করে না।

সতর্কবার্তায় আরও বলা হয়, এ ধরনের অননুমোদিত কর্মকাণ্ডের সঙ্গে বিসিসির কোনো সম্পৃক্ততা নেই। তাই ভুয়া চিঠি বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অননুমোদিতভাবে অর্থ লেনদেন করলে তার দায় বিসিসি বহন করবে না। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন