প্রকাশিত: ৭ আগষ্ট, ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি : দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদারে সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং কার্যকর একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সচিবালয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উচ্চশিক্ষা, গবেষণা ও আঞ্চলিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আলোচনায় উঠে আসে, দক্ষিণ এশিয়ায় শান্তি, আস্থা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সার্ক প্রতিষ্ঠার ধারণা বিকাশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী ভূমিকার কথা।
ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব অপরিহার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণানির্ভর ও দক্ষতাকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে চলমান সংস্কার কার্যক্রমে সার্কভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, সার্কভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় সম্প্রসারণে সার্ক সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বৈঠকে ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সার্ক সচিবালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা, আন্তর্জাতিক সেমিনার এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন