প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক : চরম দুর্ভিক্ষের সময়ে ফ্রান্সের রানি মারি আঁতোয়ানেত রুটি না পাওয়ায় প্রজাদের কেক খেতে বলেছিলেন। এবার ঠিক তেমনই নিদান দিলেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। তীব্র তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের সুস্থ থাকতে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। সে দেশের শাসকদল ওয়ার্কার্স পার্টির মুখপত্র 'রোডং সিনমুন' এক স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে গরম মোকাবিলায় এই খাবারের সুপারিশ করেছে। --- হিন্দুস্তানটাইমস
হংকংভিত্তিক সংবাদমাধ্যম 'সাউথ চায়না মর্নিং পোস্ট' (এসসিএমপি)-এর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি তীব্র দাবদাহে জ্বলেপুড়ে একাকার উত্তর কোরিয়ার একাধিক দ্বীপের বাসিন্দারা। গরম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে চলেছেন সাধারন মানুষ। আর তাদের পরিত্রাণের নিদান হিসেবে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র। সম্প্রতি পত্রিকাটিতে গ্রীষ্মকালীন স্বাস্থ্য বিষয়ক একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
যেখানে কুকুরের মাংসের স্যুপকে তীব্র গরমের মরশুমের জন্য উপযুক্ত ও 'অত্যন্ত পুষ্টিকর খাবার' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের (Pyongyang General Hospital) এক সিনিয়র চিকিৎসকের সাক্ষাৎকারের ভিত্তিতে নিবন্ধটি তৈরি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত গরমে হিট এক্সহস্টশন ও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস এবং হাইপারথাইরয়েডিজম-সহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখতে তরমুজ, শসা ও মুগ ডালের পাশাপাশি কুকুরের মাংসের স্যুপ, মাছের জাউ (পোরিজ) এবং লাল শিমের জাউয়ের মতো পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন