প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটে ৮, বগুড়ায় ৭, চট্টগ্রামে ২ ও ঝিনাইদহে ১ জন মারা গেছেন। আজ শুক্রবার ভোরে বগুড়া ও সিলেটে এবং গতকাল রাতে চট্টগ্রাম ও ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলোতে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট: সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটের দিকে যাচ্ছিল বেঙ্গল পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল ইউনিক পরিবহনের একটি বাস। কাশিকাপন এলাকায় পৌঁছালে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ইউনিক পরিবহনের আটজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি বাসের বেপরোয়া গতি কিংবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে সংঘর্ষটি হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বগুড়া: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় ৬ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়া সদর উপজেলার ফাপড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল এবং নূর আলম নামের এক ব্যক্তি। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ও আহত ব্যক্তিরা সবাই কাজের সন্ধানে ভোরে এরুলিয়া বাজারে বসা শ্রমিকের হাটে এসেছিলেন।
জানা গেছে, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুরেরা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারের এই হাটে কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় গৃহস্থরা এখান থেকেই দৈনিক মজুরিতে শ্রমিক সংগ্রহ করেন। আজ ভোরে ঢাকা থেকে নওগাঁ অভিমুখী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। ব্রেক করার কারণে বাসটি উল্টো ঘুরে বগুড়ামুখী হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।
এরুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বৃষ্টির মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পোলে ধাক্কা দেয়। চালক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও পারেনি। সেখানে গ্রামের ভাষায় আমরা যাদের কামলা বলি, সেই কৃষাণেরা কাজের জন্য দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন ও পরে হাসপাতালে আরও তিনজন মারা যান। এই স্থানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এখানে একটি গতিরোধক বা স্পিডব্রেকার দেওয়া স্থানীয় মানুষের জোরালো দাবি।
আবু হোরায়রা নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত ও আহত ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র দিনমজুর। তারা রাতে বিভিন্ন স্কুলের বারান্দায় রাত কাটিয়ে ভোরে হাটে এসেছিলেন। দুর্ঘটনায় এরুলিয়া বানদীঘি এলাকার এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ দিনমজুর ও স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেন। তারা এই স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনার কথা উল্লেখ করে স্থায়ী গতিরোধক নির্মাণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানান আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার ও সড়ক সচল করার চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন শাহিন (২২) ও ইমন (২২)। আহত তরুণের নাম আনিক (২১)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে একটি মোটরসাইকেলে করে শাহিন, ইমন ও আনিক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন। আহত আনিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র্যাব-৭ গলিতে। নিহত ইমনের বাবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় নিহত দুই তরুণের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদরাসা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, পৃথক তিনটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন