প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৫ এ এম

অনলাইন সংস্করণ

আনসারের অভিযানে হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের অভিযানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগে সেবা নিতে আসা রোগীদের স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। বহিঃবিভাগে কর্মরত এক চিকিৎসকের তথ্যের ভিত্তিতে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (২৫)। অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হকের নেতৃত্বে এপিসি মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য জোবাইর হোসেন ও সাইফুল ইসলাম অংশ নেন।
সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য করুন