প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির একাধিক শীর্ষ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কাকে বেছে নিবে ক্ষমতাসীন দলটি তা এখনো অজানা। এরই মধ্যে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
রোববার (৯ আগস্ট) তারই অংশ হিসেবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার অভিপ্রায়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দুজন নেতা।
এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আরেকটি সংগ্রহ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এখন দলের পক্ষ থেকে যাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হবে, তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এদিকে জামায়াতে ইসলামীও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠায় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণা করবেন।
সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।
মন্তব্য করুন