প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১২:১৯ এ এম

অনলাইন সংস্করণ

আনসারের অভিযানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরে বাংলা নগর থানাধীন হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতালের ২য় তলার সিসিইউ-২ (CCU-2) থেকে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছিল দালাল চক্রের সদস্যরা। বিষয়টি নজরে এলে ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্য অনিক বসু দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ সোহাগ হোসেন (২০)-কে হাতেনাতে আটক করতে সক্ষম হন। অভিযানে আনসার সদস্য মোঃ রুবেল হোসেন ও সাইফুল ইসলামও দায়িত্ব পালন করেন।

 আটক মোঃ সোহাগ হোসেন (২০), মোঃ হীরা আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদের হাট মাঠ এলাকায় এবং বর্তমান ঠিকানা মোহাম্মদপুরের হুমায়ুন রোড, ঢাকা। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে আটক দালাল সোহাগ হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের দালালদের প্রতারণা থেকে সুরক্ষা দিতে আনসার সদস্যদের এমন তৎপরতা প্রশংসিত হয়েছে। সারাদেশে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাসহ সাধারণ মানুষের সেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।

মন্তব্য করুন