প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে

গাজীপুর প্রতিনিধি : বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর গাজীপুরে সিফাত আব্দুল্লাহ (২৫) নামে এক কলেজছাত্রকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে গালমন্দ ও কটূক্তি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সিফাতের যোগসূত্র রয়েছে। তবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বলছে, সিফাত তাদের সমর্থক ও ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্ট। বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের কারণেই তাকে হয়রানি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার যোগসূত্র রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আসছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রায় ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। ভিডিওতে সিফাত তার বাসায় বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টি তুলে ধরেন। তার দাবি, চলতি মাসে ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এর সমালোচনা করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর রাতেই তাকে আটক করা হয়।

সিফাতকে আটকের খবর পেয়ে গাছা থানায় এনসিপির কর্মী-সমর্থকেরা ভিড় করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘সিফাত এনসিপির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্ট। সে জুলাই আন্দোলনেও ছিল। সরকার, তেল, গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ে সে সমালোচনা করে আসছে।’ তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়ে ক্ষোভ প্রকাশের কারণে সিফাতকে আটক করা হয়েছে। এটিকে তিনি পুলিশের বাড়াবাড়ি এবং বাক্‌স্বাধীনতার লঙ্ঘন বলে দাবি করেন। তবে পুলিশের বক্তব্য, শুধু বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনার কারণে সিফাতকে গ্রেপ্তার করা হয়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার কথিত যোগসূত্রের সুনির্দিষ্ট ভিত্তি কী-তা মামলার নথি ও তদন্তের অগ্রগতিতে স্পষ্ট হবে।

মন্তব্য করুন