প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতালের ব্যস্ততম পরিবেশে এক মুহূর্তের অসতর্কতায় হারিয়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু আশরাফুল ইসলাম শাওন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তখন চারদিকের কোলাহল ছাপিয়ে এক মায়ের বুকফাটা আর্তনাদ। এমন সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এলেন সেখানে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই অঙ্গীভূত আনসার সদস্য।
হাসপাতালের মেইন ভবনের তৃতীয় তলায় টহল ডিউটি করছিলেন এপিসি ধ্রুবজ্যোতি চাকমা এবং আনসার সদস্য হাসান শরীফ। খবর পাওয়া মাত্রই তারা বিন্দুমাত্র সময় নষ্ট না করে পুরো হাসপাতাল জুড়ে শুরু করেন উদ্ধার অভিযান। তাদের পেশাদারিত্ব ও মানবিক তৎপরতায় দ্রুতই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাবতীয় যাচাই-বাছাই শেষে শিশু শাওনকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। কলিজার টুকরোকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐ মা, যা উপস্থিত সবাইকে আবেগআপ্লুত করে তোলে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করে আসছে, এই ঘটনা যেন তারই এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।
মন্তব্য করুন