প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি : সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালমন্দ ও কটূক্তির অভিযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার এনসিপির সমর্থক সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন দলগুলোর নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা সিফাতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সিফাতের যোগসূত্র রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আসছিলেন।
বৃহস্পতিবার প্রকাশিত প্রায় ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। ভিডিওতে সিফাত তার বাসায় বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
তার দাবি, চলতি মাসে ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর রাতেই তাকে আটক করা হয়। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বলছে, সিফাত তাদের সমর্থক এবং ইনকিলাব মঞ্চের একজন অ্যাক্টিভিস্ট। বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের কারণেই তাকে হয়রানি করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সিফাতকে আটকের খবর পেয়ে গাছা থানায় এনসিপির কর্মী-সমর্থকেরা ভিড় করেন। এদিকে সিফাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র ও কটূক্তির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তার বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন