প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

শর্ত না মানলে হরমুজ খুলবে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কঠোর কিছু শর্ত মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, সম্প্রতি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এসব শর্তের কথা স্পষ্ট করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রণালিটি চলাচলের জন্য স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে সর্বাগ্রে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে।

তাছাড়া, দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সংঘাতের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশে আটকে থাকা বা জব্দ করে রাখা ইরানের সমুদয় আর্থিক সম্পদ অবিলম্বে ফেরত দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

"এগুলো কোনো সাধারণ শর্ত নয়, বরং বিগত ১৬০ দিন ধরে সোচ্চার থাকা ইরানের আপামর জনগণের সুনির্দিষ্ট দাবি।" মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ভুল নীতি সংশোধন না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খুলবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, হরমুজ প্রণালির স্বাভাবিক ব্যবস্থাপনা ফেরাতে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে সেখানেও শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, চলতি বছরের জুনে দুপক্ষের চুক্তি ও সমঝোতা স্মারক লংঘনের দায়ে ওয়াশিংটনকে অবশ্যই সংশোধনমূলক ও ইতিবাচক পদক্ষেপ প্রমাণ করতে হবে।
ইরান ও ওমানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির আইনপ্রণেতারা ওমানের সাথে সম্ভাব্য চুক্তিটির খসড়া নিয়ে একমত হয়েছেন। এখন কেবল এটি বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।

মন্তব্য করুন