প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১১:১৭ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না থাকলেও তৃণমূলের নেতাদের একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে বলা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রধান মাপকাঠি করার নির্দেশ দিয়ে তারেক রহমান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রথমে থানা ও উপজেলা পর্যায় থেকে উদ্যোগ নিতে হবে। স্থানীয়ভাবে কোনো জটিলতা সৃষ্টি হলে জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায় তা সমাধান করবে। সেখানেও সমাধান না হলে কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। বিগত জাতীয় নির্বাচনে দলের ভেতরের অনৈক্য ও বিদ্রোহী প্রার্থীদের নেতিবাচক প্রভাব থেকে শিক্ষা নিয়ে এবার স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
পাশাপাশি, তড়িঘড়ি করে কমিটি গঠন করতে গিয়ে যাতে কোনো বিতর্কিত ব্যক্তি বা অন্য দলের অনুপ্রবেশকারী স্থান না পায়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ে তুলনামূলক তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্বে নিয়ে আসার ওপরও গুরুত্বারোপ করা হয়। এদিকে, শনিবার রাতেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন