প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:২৯ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসিকতা, পেশাদারিত্ব ও ঝুঁকিপূর্ণ অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ৫–৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্ব পালনরত আনসার সদস্য শ্রী সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া করলে চোরচক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর চোরচক্রটি পুনরায় হাসপাতাল এলাকায় ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। তবে আনসার সদস্যরা বিচলিত না হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ক্যাম্পে অবস্থানরত অন্যান্য আনসার সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে এক সমন্বিত অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ (চাপাতি) চোরচক্রের তিন সদস্য—মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় চক্রের অন্যান্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া চাপাতিটি জব্দ করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই, দালালচক্র এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মন্তব্য করুন