প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আলবিসেলেস্তেদের বহনকারী চার্টার্ড বিমানটি বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হন ফুটবলার ও কোচিং স্টাফ।
বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারায় এবার কোনো বিজয় উৎসবের আয়োজন ছিল না। তবু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দলের জন্য লাল গালিচা সংবর্ধনার আয়োজন করে। বিমানবন্দরে অর্কেস্ট্রার সুরের মধ্য দিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বরণ করে নেওয়া হয়।
বিমান থেকে নেমে আসেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। তবে অধিনায়ক লিওনেল মেসি দেশে ফেরেননি। ব্যক্তিগত কারণে তিনি এবং দলের আরও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যান।
বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো সমর্থক জাতীয় পতাকা, জার্সি ও ব্যানার হাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন। পরে ছাদখোলা বাসে বিমানবন্দর ছাড়েন স্কালোনির শিষ্যরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা হাত নেড়ে, স্লোগান দিয়ে এবং করতালির মাধ্যমে ফুটবলারদের অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এদিকে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুরো বিশ্বকাপজুড়ে দল যে অকুণ্ঠ সমর্থন পেয়েছে, তা ছিল অনন্য। জয়-পরাজয় নির্বিশেষে সবসময় দলের পাশে থাকার জন্য সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
মন্তব্য করুন