প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০১ পিএম

অনলাইন সংস্করণ

প্রতিবাদ জানিয়েই ভারত থেকে ফিরেছি, আটকে রাখার খবর সঠিক নয়: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক : ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করেই দেশে ফিরে আসার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দিল্লি বিমানবন্দরে তাকে ‘আটকে রাখা হয়েছিল’—এমন খবর সঠিক নয়। তবে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি জানান, ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার দিল্লি যান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জটিলতার মুখে পড়েন। কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। পরে তিনি ভারতে প্রবেশ না করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি প্রতিবাদ জানিয়েই ফিরে এসেছি। তবে বিমানবন্দরে আমাকে আটকে রাখা হয়েছিল—এমন বর্ণনা সঠিক নয়।’ ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশের অসন্তোষের কথা ভারতীয় পক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, জাহেদ উর রহমান আইওআরএর একটি কর্মসূচিতে অংশ নিতে দিল্লি সফরে গিয়েছিলেন। বিমানবন্দরে সৃষ্ট জটিলতার কারণে সফরসূচি অনুযায়ী অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন