প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার, ২০২৬, ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা পিজি হাসপাতালে দায়িত্বশীলতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার বাহিনী। হাসপাতালের সি ব্লকের অষ্টম তলার গাইনি ওয়ার্ডের ওয়াশরুমের সামনে থেকে কুড়িয়ে পাওয়া নগদ ১০ হাজার টাকাসহ একটি কালো রঙের মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। আজ দুপুরে দায়িত্ব পালনকালে এই ব্যাগটি খুঁজে পান আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ সোহাগ শেখ।
মানিব্যাগটির মালিকানা নিশ্চিত করতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নগদ ১০ হাজার টাকা, একটি প্যাথলজি টেস্টের রিসিট ও একটি পুরোনো ছবি উদ্ধার করা হয়। এরপরই শুরু হয় প্রকৃত মালিকের সন্ধান। উপযুক্ত প্রমাণ ও যাচাই-বাছাই শেষে বিকেলেই ব্যাগটি ইকবাল হোসেন নামে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন আনসার সদস্যরা।
টাকা ও মানিব্যাগ ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইকবাল হোসেন। তিনি জানান, স্ত্রীর চিকিৎসার জন্য জমানো এই অর্থ হারিয়ে তিনি সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আনসার বাহিনীর এমন মহানুভবতা ও দায়িত্বশীলতায় টাকা ফেরত পেয়ে তিনি পিসি সোহাগসহ পুরো বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই ঘটনা প্রমাণ করে, সাধারণ জনগণের জন্য তারা কেবল বাহিনীর সদস্য নন, বরং বিপদের দিনে এক পরম বন্ধু ও ভরসার প্রতীক হয়ে উঠছেন।
মন্তব্য করুন