প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১২:৪২ এ এম

অনলাইন সংস্করণ

আনসারের তৎপরতায় হাসপাতালে চুরি প্রতিরোধ: টাকা ও মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে বগুড়া ও রাজশাহীতে পৃথক দুটি চুরির ঘটনায় দ্রুত তৎপরতা দেখিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে চুরি হওয়া টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের  বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ নিতে আসা এক রোগীর সঙ্গে থাকা ব্যাগ থেকে টাকা চুরির সময় মোছাঃ জাকিয়া খাতুন (৪০) নামের এক নারীকে আটক করেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে চুরি হওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগী মোছাঃ ফাহিমার কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দায়িত্ব পালন করেন পিসি মোঃ আব্দুল বারী, এপিসি মোঃ রকিবুল, আনসার সদস্য মোঃ রেজাউল, মোঃ মামুনুর ও মহিলা আনসার সদস্য মোছাঃ ময়না। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিক্রমে আটক নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যদিকে, একই দিন ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে এক রোগীর মোবাইল ফোন চুরির সময় মোঃ বাদশা (১৮) নামের এক যুবককে কর্তব্যরত টহল দলের আনসার সদস্যরা আটক করেন। তার কাছ থেকে চুরি করা দুটি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হাসপাতাল পরিচালকের নির্দেশনা অনুযায়ী পরে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপ রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জননিরাপত্তায় এমন দায়িত্বশীল ভূমিকা আনসার সদস্যদের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে।

মন্তব্য করুন