প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১২:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোচালক মো. কালু মিয়া (৫৫) কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছেন দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা। একই সঙ্গে তাঁর অটো ছিনিয়ে নেওয়ার চেষ্টা আনসার সদস্যদের তৎপরতায় নস্যাৎ করা হয়।
ঘটনাটি ঘটে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে। এ সময় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অটোচালক মো. কালু মিয়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের তৎপরতায় অটোটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আনসার সদস্যরা অটোচালক মো. কালু মিয়াকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
অটোচালক মো. কালু মিয়ার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খানবাড়ী গ্রামে। ঘটনার সময় দায়িত্বে ছিলেন পিসি মো. মনিরুজ্জামান, আনসার সদস্য তন্ময় চক্রবর্তী ও জুয়েল বাড়ৈ। ২৯ সেপ্টেম্বর চিকিৎসা শেষে মো. কালু মিয়াকে তাঁর অটোসহ পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব পালনের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের মুহূর্তে দ্রুত সহায়তা প্রদান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসেবামূলক কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
মন্তব্য করুন