প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক ব্যক্তি পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আসেন। দায়িত্বরত আনসার সদস্যের সন্দেহ হলে তাকে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কক্ষে নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের সময় তিনি রোহিঙ্গা হিসেবে শনাক্ত হন।
পরে টহলরত আনসার সদস্য মো. জামিয়ার রহমান, মো. মাসুদ খান এবং প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য মো. রিফাত তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কক্সবাজারের বালুখালী-২ (এ-১৫) রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজন বাসিন্দ।
জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় জানা যায়– নাম: এবাদুল্লাহ, পিতা: সালামুল্লা। তিনি রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা হওয়া সত্ত্বেও মো. হাবিবুর রহমানের পুত্র পরিচয় ব্যবহার করে কক্সবাজার জেলার রামু উপজেলার শাহ মোহাম্মদ পাড়া গ্রামের ভুয়া ঠিকানা দিয়ে পাসপোর্টের আবেদন করেছিলেন।
পরবর্তীতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পাসপোর্ট অফিসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণ, জালিয়াতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন বাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন