প্রকাশিত: ৩ আগষ্ট, ২০২৬, ১০:২৬ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান, বরখাস্ত ৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে যান জেলা প্রশাসক। এ সময় তিনি অফিসের কার্যক্রম ও নথিপত্র পরিদর্শনের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ শোনেন। পরে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই ভূমি অফিসে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের এ আকস্মিক অভিযানকে ভূমিসেবায় অনিয়ম, হয়রানি ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

মন্তব্য করুন