প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:৩০ পিএম

অনলাইন সংস্করণ

আনসার ভিডিপির সহযোগীতায় গবাদি পশুর টিকাদান

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর ডিমলা উপজেলার ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নে গবাদিপশুর সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের দলনেত্রী মোছাঃ রুজিনা আক্তারের নেতৃত্বে স্থানীয় ভিডিপি সদস্যরা টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন। তারা পূর্বপ্রচার, খামারিদের উদ্বুদ্ধকরণ এবং গবাদিপশু নির্ধারিত স্থানে আনতে সহায়তা করেন।

এদিন তড়কা, খুরা (Foot and Mouth Disease) ও লাম্পি স্কিন ডিজিজ (LSD) প্রতিরোধে ৩০০-এর বেশি গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়া হয়। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমান সময়ে খুরা ও লাম্পি স্কিন ডিজিজের ঝুঁকি বিবেচনায় এ কর্মসূচি গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকাদান কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। স্থানীয় খামারিরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আনসার-ভিডিপির সক্রিয় অংশগ্রহণের ফলে টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে নিয়মিত ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন