প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

বরগুনা হাসপাতালে আনসারের অভিযানে চোর আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চোরকে আটক করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন মো. জামাল মিয়া (৬০) ঘুমিয়ে থাকা অবস্থায় অনিক চন্দ্র (৪৭) নামে এক ব্যক্তি মোবাইল চার্জে দেওয়ার অজুহাতে তার জামার পকেট থেকে টাকা চুরি করে দ্রুত সরে পড়েন। ঘুম থেকে জেগে টাকা না পেয়ে জামাল মিয়া কর্তব্যরত আনসার সদস্য আব্দুল জলিল ও আশীষ কুমারকে বিষয়টি অবহিত করেন। এ সময় পাশের শয্যায় থাকা এক রোগী সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন বলে জানান।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আনসার সদস্যরা টহলরত আনসার সদস্য সাইফুল ইসলাম তারেক ও সঞ্জীব হাওলাদারকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রবেশ ও বহির্গমন পথের নিরাপত্তা জোরদার করেন এবং তল্লাশি চালিয়ে অভিযুক্ত অনিক চন্দ্রকে আটক করেন।
সরকারি হাসপাতালসমূহে রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাই, দালালচক্র ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য করুন