প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১০ এ এম

অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের সার্বক্ষণিক নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একই দিনে চারজন মোবাইল চোরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টায় হাসপাতালের মডার্ন লেবার কমপ্লেক্সের কিডনি বিভাগে এক রোগীর স্বজনের ব্যাগ থেকে মোবাইল ফোন চুরির সময় মোছা. জান্নাতুল খাতুন (২২)-কে হাতেনাতে আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা।
পরবর্তীতে রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ৪৯ নম্বর মহিলা মেডিসিন বিভাগ ও ২৮ নম্বর গাইনি ওয়ার্ডে পৃথক অভিযান পরিচালনা করে আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সোহেল রানা (১৮), মো. রায়হান (৩০) এবং শ্রী রিংকু কুমার পাল (৩০)। এ সময় তাদের তল্লাশি করে ২টি স্মার্টফোন ও ৪টি বাটন ফোনসহ মোট ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়। সফল এ অভিযানে দায়িত্ব পালন করেন প্লাটুন কমান্ডার (পিসি) মো. মাইনুল ইসলাম, আনসার সদস্য মো. বুলবুল এবং মো. সজিব আলী।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, দালালচক্র ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। তাদের পেশাদারিত্ব, সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে হাসপাতাল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

মন্তব্য করুন