প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা অবসানে এক নতুন দিগন্তের সূচনা হলো। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন পরিশোধের লক্ষ্যে বাজেট বরাদ্দের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক পত্র জারি করা হয়েছে।
প্রশাসনিক জটিলতা নিরসনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতাদির জন্য স্বাস্থ্য সেবা বিভাগের প্রাপ্ত নির্দিষ্ট বরাদ্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অথোরাইজ করে দেওয়া হবে। এর ফলে পূর্বের ধীরগতি ও জটিলতা কাটিয়ে সরাসরি নির্ধারিত খাতে সরকারি অর্থ বরাদ্দ পৌঁছানো আরও সহজ ও গতিশীল হবে।
আধুনিক ডিজিটাল ব্যবস্থার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কেন্দ্রীয় আইবাস++ (iBAS++) ডিডিও মডিউলের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত অনুমোদিত আনসার সদস্যদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ইএফটি (EFT) বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসের শুরুতেই বেতন-ভাতা পৌঁছে দেবে। তৃণমূল পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রথাগত বা সনাতন পদ্ধতির বাইরে গিয়ে এই সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘ ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যও একটি সুন্দর ব্যবস্থাপনার দৃষ্টান্ত।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় চিকিৎসক, সেবাগ্রহীতা ও হাসপাতালের সরকারি সম্পদের সুরক্ষায় দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে আনসার মোতায়েন এবং অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা প্রদানের এই নতুন পদ্ধতিতে সদস্যরা মাসের শুরুতেই ঝামেলাবিহীন পদ্ধতিতে বেতন-ভাতা পাবেন। যা পরবর্তীতে অনান্য সরকারি প্রতিষ্ঠানসমূহে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার দৃষ্টান্ত হয়ে থাকবে। এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লক্ষ সদস্যের পক্ষ থেকে বাহিনী শ্রদ্ধার সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।
মন্তব্য করুন