প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১১:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরের কাছে আঘাত হানা বড় মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সেখানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য জানিয়েছেন।
ভূমিকম্প আঘাত হানার পরদিন রাজধানী টোকিওতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো অনেকে উদ্ধারের অপেক্ষায় আছেন। এটি মূলত সময়ের বিরুদ্ধে এক লড়াই। আমরা মাঠপর্যায়ে আমাদের সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগাচ্ছি, যাতে যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করা যায়।’
ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে নিহত ব্যক্তির সংখ্যা ৩ বলে জানানো হয়েছিল। শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে পুরো কুমামোতো অঞ্চলে হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।
আজ ভোরে একটি আংশিক ধসে পড়া বিপণিবিতান থেকে আটজনকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর এ বিপণিবিতানে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ২০ বছর বয়সী দুই নারী নিহত হন।
সরকারি প্রচারমাধ্যম এনএইচকে জানায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই বিপণিবিতানে ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ ছিলেন। এ ছাড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানার চিমনি ধসে পড়ার পর আরও সাতজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েক ডজন মানুষ। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়া এলাকাগুলোর বাসিন্দাদের আগামী এক সপ্তাহ আরও শক্তিশালী ভূকম্পন ও ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ৩৬ হাজারের বেশি পরিবার এখনো বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। আজ ওই অঞ্চলের তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় গরমে মানুষের হিটস্ট্রোকের ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন