প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১১:১৮ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মোড়ে, পাল্টা হামলায় সৌদি আরবও

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন দিন বিরতির পর মধ্যপ্রাচ্যে আবারও মুখোমুখি অবস্থানে গেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যরাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর তাৎক্ষণিক জবাবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এই পালটাপালটি হামলার ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক আলোচনার সম্ভাবনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেন্টকমের দাবি, নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হলেও নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। এর আগে সৌদি আরব জানায়, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কিছু ড্রোন তাদের সামরিক বাহিনী ভূপাতিত করেছে।

এই ঘটনার পর ইরাকের পূর্বাঞ্চলে ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলোর একাধিক রসদ ও অস্ত্রের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সেন্টকম জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে চালিত ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে নতুন এই সংঘাতের ঠিক একদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক আলোচনা’ চলছে বলে দাবি করেছিলেন। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও চলাচলের অধিকার নিয়ে মূলত অচলাবস্থা কাটেনি, যদিও তেহরান এমন কোনো আলোচনার কথা বরাবরই অস্বীকার করে আসছে। পেন্টাগনের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬২৪ জন সেনাসদস্য আহত হয়েছেন।

মন্তব্য করুন