প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৮:২৫ পিএম

অনলাইন সংস্করণ

আনসারের সততায় মিলল টাকাসহ হারানো ব্যাগ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে কুড়িয়ে পাওয়া নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্টেডিয়ামের প্রধান ফটকে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মোঃ সোহেল ও মোঃ বরিউল প্রধান সড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগটি উদ্ধার করে পরীক্ষা করে তারা এর ভেতরে নগদ ১০,০০০ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পান। মালিকের পরিচয় নিশ্চিত না হওয়ায় তারা বিষয়টি আশপাশের লোকজনকে অবহিত করেন এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে ব্যাগটি হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

পরে ব্যাগটির মালিক মোঃ হোসাইন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে নগদ অর্থসহ ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়। ব্যাগ ফিরে পেয়ে মোঃ হোসাইন আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, নৈতিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন