প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে যখনই তিনি প্রথম কোনো ম্যাচে রেফারির বাঁশিতে ফুঁ দেবেন, তখনই রচিত হবে এক নতুন ইতিহাস। প্রথম আমেরিকান নারী রেফারি হিসেবে পুরুষ ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার এক অনন্য ও গৌরবময় কীর্তি গড়তে যাচ্ছেন টোরি পেন্সো। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবার নারী রেফারি হিসেবে ইতিহাস গড়েছিলেন ফ্রান্সের স্টিফেনি ফ্র্যাপার্ট, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। এবার সেই পথপ্রদর্শকদের সংক্ষিপ্ত তালিকায় প্রথম মার্কিন নারী হিসেবে নাম লেখাতে যাচ্ছেন পেন্সো, তাও আবার নিজের দেশের মাটিতেই!
বিশ্বকাপের জন্য তাঁর ম্যাচ অ্যাসাইনমেন্ট এখনও চূড়ান্ত না হলেও, মার্কিন ফুটবলের ইতিহাসে এটি একটি যুগান্তকারী মুহূর্ত হতে যাচ্ছে। নিজের এই অনুভূতি প্রকাশ করে ডাব্লিউএফএএ-কে দেওয়া এক বিবৃতিতে পেন্সো বলেন, ‘আমি সবসময় জানতাম আমার পেশাদার ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্য হলো ফিফা পুরুষ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা। পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করে দিতে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’
ফ্লোরিডার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা টোরি পেন্সোর রেফারি ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০১৫ সালে আমেরিকার ‘ন্যাশনাল উইমেন্স সকার লিগ’এ। এরপর ২০১৯ সালে পুরুষদের দ্বিতীয় স্তরের লিগ ‘ইউএসএল চ্যাম্পিয়নশিপ’-এ ম্যাচ পরিচালনার পর ২০২০ সাল থেকে নিয়মিত রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকার শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকার এ। তাঁর স্বামী ক্রিস পেন্সো নিজেও এমএলএস-এর একজন দীর্ঘদিনের অভিজ্ঞ রেফারি।
বিশ্বকাপের অফিশিয়াল রেফারি প্যানেলে নিজের নাম দেখার সেই অবিস্মরণীয় মুহূর্তটি স্মরণ করে পেন্সো বলেন, ‘যখন বিশ্বকাপের তালিকাটি প্রকাশ পেল, আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম আমরা পেরেছি! এটাই সেই মুহূর্ত যার জন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে কেউ একজন আমাকে চিমটি কেটে এই স্বপ্ন থেকে জাগিয়ে তুলুক! এটাই সেই স্বপ্ন, যা পূরণের জন্য আমি কাজ করে যাচ্ছিলাম।’
২০২১ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি প্যানেলে যুক্ত আছেন পেন্সো। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। নারী বা পুরুষ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে তিনিই প্রথম রেফারি, যিনি কোনো ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার গৌরব অর্জন করেছিলেন।
এছাড়া গত বছর (২০২৫ সালে) আমেরিকায় অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস বনাম আল আইন এবং বরুশিয়া ডর্টমুন্ড বনাম উলসান এইচডি এফসি-এর মতো হাই-ভোল্টেজ ম্যাচগুলোও সফলভাবে পরিচালনা করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ৮ জন অফিশিয়ালকে বেছে নেওয়া হয়েছে, পেন্সো তাঁদের অন্যতম।
মন্তব্য করুন