প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১২:৩২ এ এম
অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জড়িত গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার মেয়ে ইয়ামনি।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। মা-মেয়ে গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহত মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন