প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:২৮ পিএম

অনলাইন সংস্করণ

ওখানে দাঁড়িয়েছি শুধু ছাত্রদের ওপর গুলি চলছে দেখে: মম

বিনোদন ডেস্ক : আজ ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সক্রিয় ছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জানালেন জুলাই বিপ্লবে ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণ। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মম বলেন, ‘চোখের সামনে ছাত্র-জনতার মরে যাওয়ার দৃশ্য দেখে আমি ক্ষুব্ধ হয়েছি। আমি মৃত্যুটা নিতে পারিনি। স্বাধীন দেশের আন্দোলনে আলোচনা হতে পারে, দফায় দফায় আলোচনা চলতে পারে, কিন্তু কেন এভাবে আমার দেশের মানুষ মরবে! যুদ্ধের মতো মৃত্যু কেন হবে! স্বাধীনতার সময় যে আন্দোলন, সেটা আর এটা তো এক নয়। এই ধরনের আন্দোলন তো আমরা পাশাপাশি সময়ে শ্রীলঙ্কা, নেপালেও দেখেছি—মানুষ মরেনি। ভারতেও সাম্প্রতিক সময়ে ককরোচ পার্টি করল—মানুষ তো মরেনি। ভারতে আবার গদিও নড়েনি।’ 

এরপর বলেন, ‘ওভাবে মানুষ মারাটা কি আমাদের দেশে দরকার ছিল? মানুষের মৃত্যু নিয়ে এই যে বিতর্ক, কাদা–ছোড়াছুড়ি, অনাস্থা, অবিশ্বাস, অশ্রদ্ধা—এসব তো মোটেও উচিত ছিল না। আমরা যত যা–ই করি না—মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো কিছুকেই তুলনা করা যায় না। কারণ, মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আমরা কথা বলতে পারছি। না হয় আমাদের জন্ম পরাধীন দেশে হতো।’

মমর কথায়, ‘আমরা সাধারণ মানুষ, রাজনীতি বুঝি না—ওখানে দাঁড়িয়েছি শুধু ছাত্রদের ওপর গুলি চলছে দেখে। এই গুলি তো অন্য দেশ থেকে এসে কেউ করেনি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি এসে আমাদের দেশে গুলি চালিয়েছে—তারা আমাদের শত্রু, ঠিক আছে। কিন্তু আমারই স্বাধীন দেশে ছাত্র-জনতা আর সরকার কীভাবে একজন আরেকজনের শত্রু হয়! এটা কেন হবে? ওই জায়গায় আমি কথা বলেছি। ওই দিন আমাদের মতো হাজার হাজার সাধারণ মানুষ যে রাস্তায় নেমেছে—সবাই আশা করেছে, ভালো কিছু হবে।’

মন্তব্য করুন