প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১২:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

সাংবাদিক পরিচয়ে জাতীয় স্মৃতিসৌধে জোরপূর্বক প্রবেশ, আনসারের বুদ্ধিমত্তায় ভুয়া পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্মৃতিসৌধের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপে সাংবাদিক পরিচয়ধারী দুই ব্যক্তির ভুয়া পরিচয় শনাক্ত হয়েছে। নির্ধারিত সময়ের আগে প্রবেশে বাধা উপেক্ষা করে জোরপূর্বক প্রবেশ ও ভিডিও ধারণের ঘটনায় দায়িত্বে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা তাদের আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের প্রবেশগেটে ওই দুই ব্যক্তি আসেন। সকাল ১০টার আগে স্মৃতিসৌধের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকায় গেটে দায়িত্ব পালনরত আনসার সদস্য ইব্রাহিম খলিল তাদের প্রবেশে বাধা দেন। এ সময় তারা নিজেদের বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে প্রবেশের অনুমতি না থাকায় বাধা দেওয়া হলে তারা তা উপেক্ষা করে জোরপূর্বক স্মৃতিসৌধের অভ্যন্তরে প্রবেশ করেন এবং বিভিন্ন স্থানের ভিডিও ধারণ করতে থাকেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় স্মৃতিসৌধে দায়িত্ব পালনরত পিসি মো. জাকির ইসলামকে মোবাইল ফোনে অবহিত করেন আনসার সদস্য ইব্রাহিম খলিল। খবর পেয়ে পিসি জাকির ইসলাম ও আনসার সদস্য ইব্রাহিম খলিল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের পরিচয় ও প্রবেশের কারণ সম্পর্কে সন্তোষজনক উত্তর না পাওয়ায় পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য তাদের জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ তাদের পরিচয় যাচাই করে জানতে পারেন, তারা প্রকৃত সাংবাদিক নন। সাংবাদিক পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনায় অননুমোদিতভাবে প্রবেশ ও ভিডিও ধারণের বিষয়টি এ সময় স্পষ্ট হয়। পরে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে লিখিত ও ভিডিও বক্তব্য গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় স্মৃতিসৌধে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ, পরিচয় যাচাইয়ে বিচক্ষণতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার মাধ্যমে এ ঘটনায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকা পুনরায় প্রতিফলিত হয়েছে।

মন্তব্য করুন