প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১২:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত, তিন সদস্যের তদন্ত কমিটি

গাজীপুর  প্রতিনিধি : ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় প্রিজনভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
জানাগেছে, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে ওই কমিটি ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়িত্ব খতিয়ে দেখবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি পালানোর ঘটনায় গাড়িচালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, যা ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে কাজ করবে।

রোববার ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যান তিনি। সেখানে সুযোগ পেয়ে পালিয়ে যান। বিষয়টি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলামও নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন