প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেট্রো-৩ সার্কেল, তুরাগ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও সক্রিয় সহযোগিতায় দালাল চক্রের ওই সদস্যকে আটক করা সম্ভব হয়।
অভিযানের সময় আনসার সদস্য পিসি মো. অপু সারোয়ার ও আনসার সদস্য মো. রাসেল মিয়া দায়িত্ব পালনকালে দালাল চক্রের কার্যক্রমের ওপর সতর্ক নজর রাখেন এবং অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। এ সময় একজনকে আটক করা হলে তার কাছে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়।
আটক ব্যক্তি মো. বিল্লাল হোসেন (৪৮), পিতা—মো. আব্দুল মান্নান, সাং—কামারপাড়া, তুরাগ, ঢাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিআরটিএর মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালচক্রের তৎপরতা প্রতিরোধে আনসার সদস্যদের নিয়মিত সতর্কতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহযোগিতা সেবার পরিবেশ সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন