প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

কাউখালীতে ওয়াকিটকি ও কার্তুজসহ ভুয়া পুলিশ গ্রেফতার

​শাহিন ফকির, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পুলিশ অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র লাইসেন্সসহ মোঃ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক-নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক শাওন কাউখালীর শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেনের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন আসামির বাড়ির দোতলার ছাদ থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ (Rubber Buckshot, Made in Cyprus), দুটি মোটোরোলা ও ওয়াইএএসইউ ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্র লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার রিভলভার কভার উদ্ধার করা হয়। ​কাউখালী থানা সূত্রে জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন