প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : একটি চক্র পরিকল্পিতভাবে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে, তখন একটি ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি এবং বিগত দিনের অপরিকল্পিত প্রকল্পের কারণে বিপগ্রস্ত জ্বালানি খাত পেয়েছে। তবে সরকার এই সংকট থেকে উত্তরণের কাজ শুরু করেছে। স্বাস্থ্য খাতের সংস্কারের কথা উল্লেখ করে তিনি জানান, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ নীতিতে সরকার কাজ করছে এবং জনগণকে সচেতন করতে ১ লাখ ‘হেলথ ওয়ার্কার’ বা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং যত দ্রুত সম্ভব ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।
সমাবেশে ড্যাবের উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, বয়সসীমা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার দাবিগুলো সরকারের বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন