প্রকাশিত: ১১ আগষ্ট, ২০২৬, ০৮:৪০ পিএম

অনলাইন সংস্করণ

আনসারের অভিযানে চট্টগ্রাম মেডিকেল কলেজে নারী দালাল আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক নারী দালালকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হাসপাতালের ৮ম তলার ৮২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক নারী নিজেকে হাসপাতালের বাইরের একটি বেসরকারি ল্যাবের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে রোগী ও স্বজনদের দ্রুত সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলেন। এরই ধারাবাহিকতায় রক্ত পরীক্ষা দ্রুত করিয়ে দেওয়ার কথা বলে এক রোগীর স্বজনের কাছ থেকে তিনি ১ হাজার ৩০০ টাকা গ্রহণ করেন। পরে ওই স্বজন জানতে পারেন, একই পরীক্ষার নির্ধারিত মূল্য ৩০০ টাকা। বিষয়টি তিনি দায়িত্বরত আনসার সদস্যকে অবহিত করেন।

অভিযোগ পেয়ে আনসার সদস্য মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেন। আটক নারীর পরিচয় রিতু রানী (২৮) বলে জানা যায়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য করুন