প্রকাশিত: ৫ আগষ্ট, ২০২৬, ১১:২১ পিএম

অনলাইন সংস্করণ

চাকরি ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেল ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে কেন এই টেলিভিশন চ্যানেল থেকে বিদায় নিয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি 📣 দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি ষ্টুডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে। ’

অনেক আগে থেকেই চাকরি ছাড়ার পরিকল্পনা করছিলেন জানিয়ে ময়ূখ বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।’

তিনি আরও বলেন, ‘আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না। আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই Engagement matrix টাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’

ভূ-রাজনীতি, ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বাধীনভাবে বা নতুন কোনো প্ল্যাটফর্মে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! The Game has just Begun!’

এদিকে, তার এই আকস্মিক পদত্যাগের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তিনি আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।  

মন্তব্য করুন