প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১১:১২ এ এম

অনলাইন সংস্করণ

এসএসসির ফল প্রস্তুতির শেষ ধাপে, প্রকাশ হতে পারে ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এই উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল পুরোপুরি প্রস্তুত করার কাজ চলছে। বোর্ডগুলো এই সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসের শেষ দিকে, অর্থাৎ আগামী ৩০ জুলাই নাগাদ ফলাফল প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ৮ জুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন যে, ২০ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও অনিবার্য কারণে নির্ধারিত সময়ে ফলাফল প্রস্তুত করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের অনুমোদিত তারিখে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

মন্তব্য করুন