প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’। রাজনীতিতে নাম লেখানোর আগে শুটিং শেষ করলেও আইনি জটিলতায় কয়েক দফা মুক্তি পিছিয়ে যায়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম ও বক্স অফিস ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে মোট ১৩,০৬৭টি শো থেকে সিনেমাটি প্রায় ৪১ কোটি রুপি নেট আয় করেছে। দেশীয় বাজার থেকে ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ৪৮.২৭ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনে সংগৃহীত হয়েছে প্রায় ৩০ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘জন নায়গন’-এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭৮.২৭ কোটি রুপি।
দেশীয় বাজারের মোট আয়ের সিংহভাগ এসেছে তামিল সংস্করণ থেকে। তামিল ভাষায় সিনেমার ৭,৫৮৫টি শো থেকে মোট ৩৬.৫০ কোটি রুপি নেট সংগ্রহ করেছে, যেখানে গড় দর্শক উপস্থিতি ছিল ৬০ শতাংশ।
তেলুগু সংস্করণের ১,৫০২টি শো থেকে ২.৭৫ কোটি রুপি আয় করেছে। সকালে দর্শক উপস্থিতি ২৪.৮৩ শতাংশ থাকলেও রাতে তা বেড়ে দাঁড়ায় ৩৩.৫৮ শতাংশে। এছাড়া হিন্দি সংস্করণে ৩,৯৮০টি শো চলেছে। সেখান থেকে সংগৃহীত হয়েছে ১.৭৫ কোটি রুপি। সকালে দর্শক উপস্থিতি মাত্র ৮.০৮ শতাংশ দিয়ে শুরু হলেও রাতের শো-তে তা ২০.৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন ও রেবা মনিকা জন।
মন্তব্য করুন